Home বাংলাদেশ প্রশাসন মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার ঘোষণা

মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার ঘোষণা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই নিবেদিতপ্রাণ শিক্ষিকা মেহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের শুরুতেই নিহত শিক্ষকদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিমান দুর্ঘটনায় শিক্ষকদের করুণ মৃত্যু দেশের শিক্ষাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সরকার। আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানা গেছে।

দুই শিক্ষকের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সম্মাননা কীভাবে প্রদান করা হবে, সে বিষয়ে বিস্তারিত নীতিমালা শিগগির প্রকাশিত হবে।

এছাড়া, নিহতদের স্মরণে শুক্রবার দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সমন্বয় করবে।