উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে আসছেন চীনের জরুরি চিকিৎসা বিশেষজ্ঞরা। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বৃহস্পতিবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের পাঁচ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম ঢাকায় আসছেন। বার্ন ইউনিটের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত এই দলে রয়েছে বার্ন ও প্লাস্টিক সার্জারির শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞরা।
এই চিকিৎসক দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় এসে তাঁরা সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের চিকিৎসা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
এর আগে বৃহস্পতিবার সকালেই দুই দেশের চিকিৎসকদের মধ্যে একটি জরুরি ভিডিও কনসালটেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হন এই ভার্চুয়াল আলোচনায়।
এই গুরুত্বপূর্ণ কনসালটেশনে অংশ নেন বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ ও শ্বাসযন্ত্র বিশেষজ্ঞরা। রোগীদের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে দ্রুত চিকিৎসার উপযুক্ত পদ্ধতি নিয়েও আলোচনা হয়।
চিকিৎসা সহায়তার এই উদ্যোগ দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনায় দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে এই আন্তর্জাতিক সহযোগিতা নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ।