পাঁচ মাসব্যাপী সফল মিশন শেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরেছেন চার মহাকাশচারী। শনিবার স্পেসএক্সের ‘ড্রাগন’ ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে। অবতরণের পর মিশন কন্ট্রোল থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়— “বাড়িতে স্বাগতম”। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা অনলাইন।
ফেরত আসা মহাকাশচারীরা হলেন— নাসার অ্যানে ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেস্কভ। তারা মূলত মার্চ মাসে বোয়িংয়ের স্টারলাইনারের আটকে পড়া পরীক্ষামূলক মিশনের বিকল্প হিসেবে মহাকাশে পাঠানো হয়।
স্টারলাইনারের সফটওয়্যার ও হার্ডওয়্যারের ত্রুটির কারণে নাসার মহাকাশচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস দীর্ঘ সময় মহাকাশে আটকে পড়েন। মাত্র এক সপ্তাহের পরিকল্পিত মিশন গড়িয়ে যায় নয় মাসে। পরে নাসা নিরাপত্তাজনিত কারণে সিদ্ধান্ত নেয়, ক্যাপসুলটি খালি অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং উভয় মহাকাশচারীকে স্পেসএক্সের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।
প্রত্যাবর্তনের আগে আইএসএস থেকে অ্যানে ম্যাকক্লেইন বলেন, “পৃথিবীতে এখন ঝড়ো সময় চলছে, মানুষ নানা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাই এই মিশন হোক ঐক্য ও সহযোগিতার প্রতীক।” তিনি আরও জানান, ফিরে গিয়ে হিউস্টনে কয়েকদিন বিশ্রাম নিতে চান। দলের অন্য সদস্যরা গরম শাওয়ার এবং এক থালা রসালো বার্গারের অপেক্ষায় আছেন।
এটি ছিল স্পেসএক্সের মাধ্যমে মানুষসহ তৃতীয়বারের মতো প্রশান্ত মহাসাগরে অবতরণ এবং নাসার মহাকাশচারীদের জন্য গত ৫০ বছরে প্রথম। ১৯৭৫ সালের অ্যাপোলো-সয়ুজ মিশনের পর এই প্রথম কোনো নাসা দল প্রশান্ত মহাসাগরে অবতরণ করল। নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর স্পেসএক্স ক্যাপসুল অবতরণের স্থান ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তর করে, যাতে জনবসতিপূর্ণ এলাকায় ধ্বংসাবশেষ পড়ার ঝুঁকি কমে।