Home বাংলাদেশ রাজনীতি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Posted by on in বাংলাদেশ 0
1st Image

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পরও ওই সময়ে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত জাতীয় যুব সম্মেলন-২০২৫-এ তিনি এ মন্তব্য করেন। এনসিপি’র যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য রাখেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে যারা সংস্কারের জন্য জীবন দিয়েছে, আহত হয়েছে—তাদের আত্মত্যাগ বৃথা যাবে। এই সরকারকে সেই শহীদের লাশ, হারানো হাত কিংবা সন্তানের ক্ষতি ফেরত দিতে হবে।" তিনি প্রশ্ন তোলেন, একই সংবিধান, একই রাজনৈতিক সংস্কৃতি এবং একই ক্ষমতাকাঠামোর মধ্যে নির্বাচন হলে এত রক্ত ও ত্যাগের প্রয়োজন ছিল কেন।

সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, আগে গণমাধ্যম ছিল ‘হাসিনামাধ্যম’, এখন তারা কোন মাধ্যমে পরিণত হয়েছে তা বললেই চাকরি যাবে। গণ-অভ্যুত্থানের পর সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি তাদের লজ্জাহীন আচরণের সমালোচনা করেন এবং মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন।

একইসঙ্গে তিনি আয়নাঘর ও ডিজিএফআই-এর সমালোচনা করে বলেন, “ডিজিএফআই জনগণের টাকায় চলে, কিন্তু তাদের কোনো জবাবদিহি বা স্বচ্ছতা নেই। তাদের কাজ মানুষকে ভয় দেখানো ও আয়নাঘরে তোলা। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজিএফআই সদরদপ্তরও ভেঙে দেবো।” তিনি সতর্ক করে দেন, বাংলাদেশে এই সংস্থা থাকতে হলে অবশ্যই এর সংস্কার করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম।