সরকার যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৫৫-৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে। এই ক্রয়ে মোট ব্যয় হবে প্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা (৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার)।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ এর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, “৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দু’টি প্রস্তাব কারিগরি যাচাইয়ে উত্তীর্ণ হয়। পর্যালোচনায় সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়।
জাহাজ দু’টি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর নিজস্ব অর্থায়নে কেনা হবে।
বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প–১ এর অবশিষ্ট কাজ সম্পাদনের অনুমোদন রয়েছে। এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম–ঢাকা–আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ বিভিন্ন আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।