Home তথ্যপ্রযুক্তি গুগল সার্চে যুক্ত হচ্ছে প্রেফার্ড সোর্সেস, যে সুবিধা পাওয়া যাবে

গুগল সার্চে যুক্ত হচ্ছে প্রেফার্ড সোর্সেস, যে সুবিধা পাওয়া যাবে

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

গুগল তার সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা আনতে নতুন এক ফিচার চালু করতে যাচ্ছে—এর নাম “প্রেফার্ড সোর্সেস”। এই সুবিধা চালু হলে, ব্যবহারকারীরা নিজেদের পছন্দের সংবাদমাধ্যম বেছে নিতে পারবেন এবং সেই নির্বাচিত মাধ্যমের খবর গুগল সার্চের “টপ স্টোরিজ” অংশে অগ্রাধিকার পাবে। ফলে চলমান ঘটনা বা নির্দিষ্ট বিষয়ে সার্চ করলে প্রথমেই প্রিয় সংবাদমাধ্যমের খবর চোখে পড়বে।

বর্তমানে, টপ স্টোরিজে কোনো ঘটনার খোঁজ করলে একসঙ্গে বিভিন্ন ওয়েবসাইটের খবর দেখা যায়। কিন্তু প্রেফার্ড সোর্সেস সক্রিয় করলে নির্বাচিত সংবাদমাধ্যমের কনটেন্ট আরও বেশি প্রদর্শিত হবে। গুগলের তথ্যমতে, গত জুন থেকে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এই ফিচারটি ব্যবহার করছেন। এবার এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, এবং প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন।

ব্যবহার করতে হলে, সার্চ রেজাল্টের টপ স্টোরিজ শিরোনামের পাশে থাকা আইকনে ক্লিক করে পছন্দের সংবাদমাধ্যম নির্বাচন করতে হবে। এরপর তালিকা রিফ্রেশ করলে নির্বাচিত মাধ্যমের খবর অগ্রাধিকার ভিত্তিতে দেখানো হবে। পছন্দের সোর্স নির্ধারণে কোনো সীমাবদ্ধতা থাকবে না।

সাম্প্রতিক সময়ে এআই-নির্ভর সার্চের কারণে অনেক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা কমে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে গুগল জানিয়েছে, গত বছরের তুলনায় ভিজিটরের সংখ্যা প্রায় একই রকম রয়েছে। বরং এখন ব্যবহারকারীরা ফোরাম, পডকাস্ট, ভিডিও এবং বিশ্বস্ত কণ্ঠস্বরসমৃদ্ধ ওয়েবসাইটে বেশি ভিজিট করছেন।

সূত্র: দ্য ভার্জ