বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতেই ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই রাউটার রয়েছে। কেউ ২৪ ঘণ্টা চালু রাখেন, আবার কেউ ঘুমানোর আগে বন্ধ করে দেন। কিন্তু সারারাত রাউটার চালিয়ে রাখলে আসলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়, তা কি কখনো ভেবে দেখেছেন?
একটি সাধারণ ওয়াই-ফাই রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। যদি ধরা হয় আপনার রাউটার মাসে গড়ে ১০ ওয়াট খরচ করে, তবে ২৪ ঘণ্টা × ৩০ দিন = ৭২০ ঘণ্টা ব্যবহার হবে। এর ফলে খরচ দাঁড়াবে—
১০ ওয়াট × ৭২০ ঘণ্টা = ৭,২০০ ওয়াট-ঘণ্টা = ৭.২ ইউনিট বিদ্যুৎ।
যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা, তবে পুরো মাসে রাউটারের পেছনে খরচ হবে—
৭.২ × ৭.৫০ = প্রায় ৫৪ টাকা।
আর যদি রাতের ১২ ঘণ্টা রাউটার বন্ধ রাখেন, তবে খরচ হবে অর্ধেক, অর্থাৎ প্রায় ২৭ টাকা।
বিদ্যুৎ খরচের দিক থেকে পার্থক্য খুব একটা চোখে পড়বে না। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটার বারবার চালু ও বন্ধ করলে এর কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। তাই অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ খরচ কমানোর চেয়ে রাউটারের সঠিক রক্ষণাবেক্ষণ ও স্থায়ী ব্যবহার নিশ্চিত করাই ভালো।