দীর্ঘদিনের বিরতির পর আবারও কাজ শুরু করেছেন অভিনেত্রী শারমিন আঁখি। প্রায় দুই বছর আগে শুটিং হাউজে এক দুর্ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর তার ক্যারিয়ার ও জীবন প্রায় থমকে গিয়েছিল। তবে, এখন আবার নিজেকে ফিরে পেয়েছেন এবং কাজেও ফিরেছেন তিনি।
অভিনেত্রী সম্প্রতি চ্যানেল আইয়ে রাহাত কবির পরিচালিত ‘বিয়ে করি কল্পনা’ নামক নাটকে অভিনয় করেছেন। এছাড়া, বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ‘ফাইভ গো ওয়াইল্ড’ নামক একটি ফিকশন। রাহাত কবির পরিচালিত এই ফিকশনটি সম্পূর্ণ টুইস্টে ভরা। এখানে প্রতিটি চরিত্রের পেছনে রয়েছে চমক। নিজেও এখানে একটি টুইস্টের অংশ হয়েছেন শারমিন আঁখি। এই ফিকশনে রয়েছে কমেডি এবং সাসপেন্স, এবং তার একটি আইটেম গানে অংশগ্রহণও রয়েছে। এই প্রথম আইটেম গানে দেখা যাবে তাকে।
এ সম্পর্কে শারমিন আঁখি বলেন, “এটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। আইটেম গান শুটিংয়ে শক্তি ও প্রচুর পরিশ্রম লাগে। আমি ১০ দিন রিহার্সেল করে তারপর শুটিং শুরু করি। পরিশ্রমও করতে হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম এটি আমার জন্য একটি বড় সুযোগ।”
শারমিন আঁখি জানান, “আস্তে আস্তে ফিরে আসছি। এখনও আগের মতো সুস্থ হয়ে উঠতে পারিনি। তবে এখনো স্কিনের জায়গা অনেক পাতলা, তাই মেকআপ তুলতে বেশ সমস্যা হয়। বিশেষ করে শীতকালে সমস্যা আরও বেশি। কিন্তু মেকআপ করতে তো আমাকে বাধ্য। তাই আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারি না।”
দুর্ঘটনার পর অভিনেত্রী শারমিন আঁখি এক মাস অচেতন ছিলেন। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, যখন তিনি জ্ঞান ফেরেন, তখন মানুষজনের মুখ থেকে তিনি জানেন তার অবস্থার কথা। হাসপাতালে দুই মাস থাকার পর তিনি বাড়ি ফেরেন। তবে সেই সময় তার ব্রেইন পুরোপুরি কাজ করছিল না। অনেক ট্রমাটাইজড ছিলাম বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে শারমিন আঁখি বলেন, “আমি দিনের বেলা বাইরে বের হতে পারতাম না, রোদ বা আলো গায়ে লাগাতে পারতাম না। তবে রাতে ব্যালকনিতে গিয়ে চাঁদ দেখতাম। ওই সময় নিজের সঙ্গে অনেক কথা বলেছি, নিজেকে বুঝেছি। মানসিকভাবে শক্ত হতে হয়েছে। যুদ্ধটা ছিল নিজের সঙ্গেই। আমার স্বামী রাহাত আমাকে বলেছিল, ‘তুমি চাইলে সময় নিয়ে কিছু কাজ করতে পারো’। তার পর থেকেই আমি ধীরে ধীরে কাজ শুরু করি।”