Home আন্তর্জাতিক ইউরোপ মধ্যযুগের দুর্গ নরউইচ ক্যাসেল এখন নতুন রূপে উন্মুক্ত

মধ্যযুগের দুর্গ নরউইচ ক্যাসেল এখন নতুন রূপে উন্মুক্ত

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

নরফোক কাউন্টির ঐতিহাসিক নরউইচ ক্যাসেল এখন নতুন রূপে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। ৮৯ ফুট উঁচু সাদাপাথরের দুর্গটি মধ্যযুগের রাজত্ব ও আভিজাত্যের প্রতীক।

১০৬৬ সালে ইংল্যান্ড দখল করার পর প্রথম উইলিয়াম দুর্গ নির্মাণের নির্দেশ দেন। তবে তিনি নিজে তা জীবদ্দশায় দেখেননি। ১১২১ সালে তাঁর সন্তান রাজা হেনরি দুর্গটি সম্পূর্ণ করেন। ইতিহাসের ধারাবাহিকতায় দুর্গটি কখনো কারাগার, কখনো জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে।

২০২০ সালে সংস্কার শুরু হলেও করোনা মহামারির কারণে কাজ স্থগিত ছিল। পাঁচ বছরের পরিশ্রমের পর ৭ আগস্ট নরউইচ ক্যাসেল নতুন সাজে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সংস্কারের খরচ হয়েছিল প্রায় ৩ কোটি ৭০ লাখ ডলার, অর্থায়ন করেছে ন্যাশনাল লটারি প্লেয়ার্স ও নরফোক কাউন্টি কাউন্সিল।

দর্শনার্থীরা এখন পাঁচতলা দুর্গের তলঘর থেকে ছাদ পর্যন্ত ঘুরে দেখতে পারবেন রাজা-রানির শয়নকক্ষ, প্রার্থনার স্থান, রান্নাঘর এবং গ্রেট হল। গ্রেট হলে রয়েছে মধ্যযুগীয় জীবনচিত্রের রঙিন প্রদর্শনী, পাশাপাশি একটি রেস্তোরাঁ ও উপহারসামগ্রী দোকান।

‘গ্যালারি অব মিডিয়েভল লাইফ’ প্রদর্শনীতে রয়েছে ৯০০টির বেশি নিদর্শন, যার মধ্যে ৫০টি ধার ব্রিটিশ মিউজিয়াম প্রদত্ত। ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক নিকোলাস কুলিনান বলেন, নরউইচ ক্যাসেল ইউরোপের অন্যতম বিস্ময়কর মধ্যযুগীয় দুর্গ, যা পুনরুজ্জীবিত করতে পারায় আমরা গর্বিত।

স্থাপত্য প্রতিষ্ঠান ফিল্ডেন-ম্যাসন সংস্কারের মাধ্যমে শুধু পুরোনো স্থাপনা নয়, ইতিহাসকেও নতুনভাবে জীবন্ত করেছে। আজ নরউইচ ক্যাসেল দর্শনার্থীদের জন্য সেই দরজা, যা পা রাখলেই ফিরে যাওয়া যায় নরম্যানদের গৌরবময় যুগে।