Home তথ্যপ্রযুক্তি তুরস্কে চালু হলো দেশীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘নেক্সট সোসিয়াল’

তুরস্কে চালু হলো দেশীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘নেক্সট সোসিয়াল’

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

তুরস্কের প্রযুক্তি খাতে নতুন মাইলফলক হিসেবে যাত্রা শুরু করেছে দেশীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘নেক্সট সোসিয়াল’। প্ল্যাটফর্মটির উদ্বোধন উপলক্ষে সরাসরি প্রথম পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি সাফাক জানায়, প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধনে এরদোগান কবি এরদেম বায়েজিতের কবিতা থেকে একটি লাইন উদ্ধৃত করেন— “কংক্রিটের দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে উঠলো”।
এরপর তিনি প্রশ্ন করেন, “Are you ready?”এবং ব্যবহার করেন #WeAreStarting হ্যাশট্যাগসহ জাতীয় পতাকা, পৃথিবী ও রকেট ইমোজি।

প্ল্যাটফর্ম চালুর পরপরই এতে যোগ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি নিজের প্রথম পোস্টে প্রেসিডেন্ট এরদোগানের উদ্বোধনী বার্তাটি শেয়ার করেন, যা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যেই ‘নেক্সট সোসিয়াল’ ব্যাপক জনপ্রিয়তা পায়। ইতোমধ্যে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে এবং এটি অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে শীর্ষ স্থানে উঠে এসেছে।

‘নেক্সট সোসিয়াল’-এ ব্যবহারকারীরা টেক্সট, ছবি, ভিডিও এবং জরিপ (পোল) শেয়ার করতে পারবেন।
এর পাশাপাশি প্ল্যাটফর্মটিতে রয়েছে—

  • বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম
  • বহু-ভাষা সমর্থন
  • নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা T3 AI

এই বৈশিষ্ট্যগুলো একে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আলাদা করেছে।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার। দেশটির প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ‘নেক্সট সোসিয়াল’ চালু হওয়া তুরস্কের প্রযুক্তিগত স্বনির্ভরতার বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।