Home বাংলাদেশ রাজনীতি নিউইয়র্কে মির্জা ফখরুলকে হেনস্তার খবর গুজব: রিজভী

নিউইয়র্কে মির্জা ফখরুলকে হেনস্তার খবর গুজব: রিজভী

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিউইয়র্কে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার।

বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যদি সত্যিকারের দক্ষতা ও দৃঢ়তা দেখাত, তবে বিদেশে এমন ঘটনা ঘটার সাহস কেউ পেত না। তিনি দাবি করেন, দেশে–বিদেশে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিচারহীনতার সুযোগ নিচ্ছে।

রিজভী বলেন, ‘‘ষড়যন্ত্র ও মাস্টারপ্ল্যান এখনো শেষ হয়নি। শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।’’ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন— আওয়ামী লীগের সহযোগীদের মুখোশ খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দৃঢ় ভূমিকা নিলে, বিদেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে ফ্যাসিবাদের দোসররা সাহস পেত না।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, অধ্যাপক আলমগীর হোসেন, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।