ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার অর্জন করতে চান, তবে তাঁর প্রথম কাজ হওয়া উচিত গাজা যুদ্ধ বন্ধ করা। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ম্যাক্রোঁ বলেন, “ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করার মতো ক্ষমতা শুধু একজনের হাতেই রয়েছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ফ্রান্স গাজার যুদ্ধে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করে না। কিন্তু যুক্তরাষ্ট্র তা করে থাকে।”
এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, তিনি ইতিমধ্যে সাতটি আলাদা যুদ্ধ বন্ধ করেছেন। তাঁর মতে, এই অসাধারণ অর্জনের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তিনি বলেন, “সবাই বলছে, আমার এই সাফল্যের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।”
ট্রাম্প আরও যোগ করেন, “গাজার যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং শান্তি আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে।”
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গে বলেন, “আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, তিনি শান্তি চান এবং যুদ্ধ বন্ধ করতে চান। তিনি নোবেল পুরস্কারও চান। কিন্তু সেটি তখনই সম্ভব হবে, যখন গাজার চলমান যুদ্ধ বন্ধ করা যাবে।”
কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে শান্তিচুক্তি ও অস্ত্রবিরতিতে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে ইতিমধ্যে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাম্প নিজেও দৃঢ়ভাবে দাবি করেছেন, নরওয়ের প্রদত্ত এই মর্যাদা তিনি প্রাপ্য। এর আগে যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্ট এ সম্মান অর্জন করেছেন।