ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু কোমলমতি শিক্ষার্থীর প্রাণহানি ও শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
বুধবার (২২ জুলাই) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দুঃখজনক ঘটনার প্রতি তাঁর হৃদয়ভরা সমবেদনা জানান।
তিনি বলেন,
“বাংলাদেশের ভাই-বোনদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি। এতগুলো নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু আমাদের মনকে শোকাকুল করে তুলেছে। শিক্ষিকা মাহেরিন চৌধুরীর আত্মত্যাগের সংবাদ শুনে আমি অভিভূত। তিনি জীবন ঝুঁকিতে ফেলে যে সাহসিকতা দেখিয়েছেন, তা ইতিহাসে অনন্তকাল বেঁচে থাকবে।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে সহানুভূতি ও সংহতি জানাবেন।
শোকবার্তায় তিনি লেখেন,
“এই শোকের সময়ে মালয়েশিয়া বাংলাদেশের জনগণের পাশে আছে। আমরা প্রতিটি হারিয়ে যাওয়া জীবনের জন্য শোকাহত এবং তাঁদের পরিবারগুলোর প্রতি আমাদের অকুণ্ঠ সমবেদনা জানাই।”