উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগ নেয়া হয় উপদেষ্টা পরিষদের ২৪ জুলাইয়ের এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, যা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়।
গত ২১ জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান অনাকাঙ্ক্ষিতভাবে বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। ওই সময় ভবনের ভেতরে চলছিল পাঠদান, ফলে দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি ভবনে আঘাত করার পর মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ, সৃষ্টি হয় আতঙ্কের।
মানবিক এই বিপর্যয়ের প্রেক্ষিতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদগুলোতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনও বিশেষ দোয়ার আয়োজন করে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজ।