Home আন্তর্জাতিক বিবিধ যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু

যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের কাইওয়াকা শহরের একটি বাস ডিপোতে ঘটে গেল এক চমকপ্রদ ও দুঃখজনক ঘটনা। রুট শেষ করে যখন যাত্রীবাহী বাসটি নিয়মমাফিক ডিপোতে পৌঁছায়, তখন চালকের দৃষ্টি যায় একটি অস্বাভাবিকভাবে নড়তে থাকা লাগেজের দিকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তা খুলে দেখতে যান, আর সেখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনা—লাগেজের ভেতরে পাওয়া যায় মাত্র দুই বছর বয়সী একটি শিশু।

ঘটনাটি আজ রবিবারের। চালকের সতর্কতায় তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাগেজের মালিক হিসেবে শনাক্ত করে ২৭ বছর বয়সী এক নারী যাত্রীকে। তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয় এবং শিশু অবহেলা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়।

জেলা গোয়েন্দা ইনস্পেক্টর সাইমন হ্যারিসন জানান, শিশুটিকে পাওয়া যায় যাত্রী বসার অংশের নিচে আলাদা একটি কম্পার্টমেন্টে রাখা লাগেজের ভেতর। শিশুটির শরীর অতিরিক্ত গরম ছিল, তবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ইন্সপেক্টর হ্যারিসন বলেন, “বাস চালকের দ্রুত পদক্ষেপে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শিশুটিকে হয়তো আরও ভয়াবহ কিছু থেকে বাঁচানো গেছে।”

এই ঘটনায় নিউজিল্যান্ডের শিশু কল্যাণ সংস্থা ওরাঙ্গা তামারিকিকে অবহিত করা হয়েছে। তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে আটককৃত নারীর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনা আবারও তুলে ধরলো শিশু সুরক্ষার গুরুত্ব এবং গণপরিবহনে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা। একজন চালকের তীক্ষ্ণ নজর আর মানবিক বোধ না থাকলে হয়তো এই শিশুটি অজানার অন্ধকারে হারিয়ে যেত।