ইনস্টাগ্রামে অনামিকা আঙুলে হীরার আংটির ছবি শেয়ার করে আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ লিখলেন— “হ্যাঁ, আমি রাজি। এই জীবন আর প্রতিটি জন্মে।” এভাবেই দীর্ঘদিনের প্রেমিক ক্রিস্টিয়ানো রোনালদোকে উত্তর দিলেন তিনি।
গল্পের শুরু ২০১৬ সালের এক শীতের বিকেলে, মাদ্রিদের গুচি শোরুমে। সানগ্লাস পরা রোনালদো প্রবেশ করতেই কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা জর্জিনা প্রথমবারের মতো তার মুখোমুখি হন। তখন জর্জিনা ছিলেন সাধারণ এক বিক্রয়কর্মী, আর রোনালদো বিশ্বের অন্যতম সুপারস্টার। তবে খ্যাতি-অখ্যাতির ফারাক ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। সেদিন থেকেই শুরু হয় তাদের সম্পর্কের পথচলা।
২০১৭ সালে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাদের। সে বছরের নভেম্বরে জন্ম নেয় কন্যা মার্তিনা। একই বছরে সারোগেসির মাধ্যমে আসে যমজ সন্তান ইভা ও মাতেও। ততদিনে রোনালদোর প্রথম সন্তান রোনালদো জুনিয়রসহ পরিবারের দায়িত্বও কাঁধে নেন জর্জিনা। ২০২২ সালে দম্পতি আবার বাবা-মা হন, জন্ম নেয় কন্যা বেলা এস্মেরলাদা।
৪০ বছর বয়সী রোনালদো বহুবার ইঙ্গিত দিয়েছেন বিয়ের বিষয়ে, বিশেষ করে নেটফ্লিক্সের ডকুসিরিজ “আই অ্যাম জর্জিনা”-তে বলেছিলেন— “সঠিক সময় এলে হবে।” অবশেষে সেই মুহূর্ত এসেছে। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, জর্জিনার হাতে থাকা আংটিটি ১০-১৫ ক্যারেট ওজনের, যার দাম অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।
শুধু সন্তান লালন-পালনই নয়, রোনালদোর সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে পাশে থেকেছেন জর্জিনা। অনেক ভক্তদের কাছে এই বিয়ে ছিল বহুদিনের প্রতীক্ষা—যেমন ২০১৭ সালে মেসি বিয়ের পর রোনালদো সমর্থকরা আশা করেছিলেন নিজের আইকনকেও বিবাহবন্ধনে আবদ্ধ হতে দেখবেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।