বিশ্ব ক্রিকেটের ঐতিহাসিক ও প্রিয় ভেন্যু লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। যেখানে বহু দারুণ ক্রিকেট মুহূর্তের জন্ম হয়েছে, সেখানকার এক টুকরা ঘাস কিনতে পারবেন এখন ক্রিকেটপ্রেমীরা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এই সুযোগ নিশ্চিত করেছে এবং এর জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে।
১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এই ঘাসের একটি টুকরা কিনতে হলে ক্রিকেটপ্রেমীদের দিতে হবে ৫০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,০০০ টাকা)। এটি শুধু একটি সুযোগ নয়, বরং ক্রিকেটের ঐতিহ্য ও ইতিহাসের অংশ হয়ে উঠতে চাওয়া ভক্তদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।
ইংল্যান্ডের প্রথম সারির গণমাধ্যম টেলিগ্রাফ-এ প্রকাশিত রিপোর্টে জানা গেছে, এমসিসি লর্ডসের আউটফিল্ডের ঘাস পরিবর্তন করতে যাচ্ছে। তবে পুরনো ঘাসগুলো নষ্ট না করে, সেগুলোর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এটি ভক্তদের জন্য এক বিরল সুযোগ হিসেবে আসছে।
এমসিসির পক্ষ থেকে এক্স (পুরানো টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, "এই শরতে লর্ডসের আউটফিল্ডে কাজ করা হবে, এবং ভক্তরা সুযোগ পাবেন লর্ডসের একটি টুকরা ঘাস কেনার। এই অফারটি সীমিত সংখ্যক ঘাসের জন্যই প্রযোজ্য হবে এবং ২৯ অথবা ৩০ সেপ্টেম্বর ঘাস কেনা যাবে।"
ঘাস বিক্রির মোট অর্থের ১০% এমসিসি ফাউন্ডেশনে জমা হবে, যা ভবিষ্যতে উন্নয়নমূলক কাজের জন্য ব্যয় করা হবে। বাকি ৯০% অর্থ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এর মাঠের অবকাঠামো উন্নয়নে ব্যবহার হবে।
এমসিসির মোট সদস্য সংখ্যা ২৫,০০০। তবে ভালো খবর হচ্ছে, এমসিসির সদস্যদের বাইরেও সাধারণ জনগণ এই ঘাস কিনতে পারবেন।
একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এই উদ্যোগের মাধ্যমে মাঠের উন্নয়ন এবং ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করা হবে। আমাদের সদস্যদের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ দর্শকদের জন্যও এই সুযোগের দরজা খোলা রয়েছে।"