Home প্রবাস মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অবদানে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অবদানে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

Posted by on in প্রবাস 0
1st Image

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আপনারা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন, যা আমরা স্বীকার করি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

মঙ্গলবার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের সঙ্গে সংলাপের চেষ্টা করা হয়েছে এবং তাদের সমস্যাগুলো সমাধানে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাসপোর্ট জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারি সেবা প্রবাসীদের হাতে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ চালু করা হচ্ছে। পাশাপাশি একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীরা এক প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন।

দেশের অর্থনীতিকে সংকট থেকে উত্তরণে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে ইউনূস বলেন, “পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। অর্থনীতির ঘুরে দাঁড়াতে আপনাদের অবদান অপরিসীম।” তিনি আরও জানান, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে।

সভায় মালয়েশিয়া প্রবাসীদের কয়েকটি সমস্যা আলোচনায় উঠে আসে— দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, অনিয়মিত অবস্থানকারীদের বৈধকরণ এবং বাণিজ্য–শিল্প খাতে সহযোগিতা বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা। বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও সংগঠনের প্রতিনিধি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।