বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন এই বিদ্যাচর্চার পুরোধা ব্যক্তিত্ব।
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগে দীর্ঘ সময় অধ্যাপনা করেছেন যতীন সরকার। শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে ২০০২ সালে অবসরের মাধ্যমে। কর্মজীবনের পাশাপাশি তিনি দু’দফায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই মননশীল সাহিত্যচর্চা, বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।
তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ও মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেছেন তিনি।
বাংলাদেশের প্রগতিশীল ও সাংস্কৃতিক জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।