রোগ নির্ণয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুধু রোগীর অর্থের উপর বোঝা চাপায় না, বরং দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “দেশের রোগীরা বিদেশি চিকিৎসার দিকে ঝুঁকছে। এই প্রবণতা কমাতে হলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য চিকিৎসকদের দায়িত্বপূর্ণ আচরণ অপরিহার্য। রোগীর সমস্যাকে মন দিয়ে শুনুন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা বা ওষুধ ব্যবহার এড়ান। এতে শুধু রোগীর অর্থ সাশ্রয় হবে না, দেশের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি পাবে।”
চিকিৎসকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রোগীর সময় এবং অর্থ বাঁচাতে হলে শুধুমাত্র প্রয়োজনীয় চিকিৎসা দিন। অযথা পরীক্ষা ও ওষুধ ব্যবহারের ফলে রোগীর উপর আর্থিক চাপ পড়ে এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হয়।”
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম বলেন, “ভুল চিকিৎসার অভিযোগে কাউকে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার জন্য অনুরোধ করছি। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হলে আমাদের আপত্তি নেই।”
অন্যদিকে, তিনি জানান, “আমরা একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করতে যাচ্ছি, যেখানে দেশের সব বেসরকারি হাসপাতালের তথ্য থাকবে। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ২৬শ। ভবিষ্যতে এটি ৩ থেকে ৪ হাজার পর্যন্ত উন্নীত করা হবে।”