আজ বুধবার জাতির হৃদয়ের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি ও নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে বিশেষ কর্মসূচি।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। শৈশবে সবাই তাকে ডাকত “দুখু মিয়া” নামে। মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনে তিনি কবিতা, গান, গল্প, নাটকসহ সৃজনশীলতার বিস্ময়কর ধারা উপহার দিয়ে বাংলা সাহিত্যকে দিয়েছেন নতুন দিগন্ত। তার রচনায় উঠে এসেছে শোষণ, অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের আহ্বান। আজও তার কবিতা ও গান প্রজন্মের পর প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৪ মে নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। তখন থেকেই তিনি জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় ভূষিত হন। তবে দীর্ঘদিন সরকারি স্বীকৃতি না থাকলেও গত বছর আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। ২০২3 সালের ৫ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয় এবং চলতি বছরের ২ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়।
আজ ভোর সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এরপর কবির কবর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উন্মুক্ত আলোচনা সভা। এছাড়া ফজরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি আয়োজন করা হয়েছে।
বাংলা একাডেমি আজ বিকাল ৪টায় আয়োজন করেছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখবেন সচিব ড. সেলিম রেজা। “নজরুলের মৌলচেতনা: অদ্বৈতবাদী সমন্বয়” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. আনোয়ারুল হক। আলোচনায় অংশ নেবেন গবেষক ড. সৈয়দা মোতাহেরা বানু ও কবি কাজী নাসির মামুন। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সাংস্কৃতিক পর্বে থাকছে আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর আবৃত্তি, আর নজরুলগীতি পরিবেশন করবেন খ্যাতনামা শিল্পী ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ এবং তানভীর আলম সজীব।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির পক্ষ থেকেও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকালে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।