Home অর্থনীতি রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ বেড়ে দাম কিছুটা কমেছে

রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ বেড়ে দাম কিছুটা কমেছে

Posted by on in অর্থনীতি 0
1st Image

কয়েক দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে ইলিশের দাম কমতে শুরু করেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ আগের তুলনায় কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ভারতীয় পানির ঢল এবং সাগরে জোয়ারের কারণে জেলেদের জালে এখন বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ছে। তবে চাঁদপুরের মেঘনা মোহনার ইলিশ এখনো তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।


ব্যবসায়ীরা বলছেন, ইলিশের দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। কিন্তু ক্রেতাদের দাবি, গত বছরের দামের তুলনায় এখনো ইলিশ অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

কেরানীগঞ্জ মডেল টাউনে ভোলার মাছ ব্যবসায়ী জমশেদ আলী জানান, দুই সপ্তাহ আগে যেই ইলিশ কেজিপ্রতি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন ২ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। মাসখানেক আগেও একই সাইজের ইলিশ ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান তিনি। তার মতে, মাছের জালে ধরা পড়ার হার বাড়ায় দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ক্রেতা নাসিমুল হক বলেন, এক কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকায় কিনলেও গত বছরের তুলনায় এখনো দাম বেশি।

কেরানীগঞ্জ বউবাজার, নয়াবাজার ও কারওয়ানবাজারে একই প্রবণতা লক্ষ্য করা গেছে। কারওয়ানবাজারের ব্যবসায়ী আবু বকর সিদ্দিক জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব সাইজের ইলিশ কেজিপ্রতি প্রায় ৫০০ টাকা কমেছে।

  • এক কেজির বেশি ওজনের ইলিশ বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
  • ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
  • ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।
  • জাটকা ইলিশ কেজিপ্রতি প্রায় ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ধারণা, সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে।

চাঁদপুর ইলিশ বাজারের ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানান, চাঁদপুরের মেঘনা মোহনার ইলিশের দাম এখনো বেশি। যদিও কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমেছে, তবুও বর্তমানে ১ থেকে ১.২ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়।

তার মতে, চাঁদপুরের মিঠা পানির ইলিশের স্বাদ স্বতন্ত্র হওয়ায় এর চাহিদা সবসময়ই বেশি থাকে। তবে ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল থেকে আসা ইলিশকে অনেক সময় চাঁদপুরের ইলিশ বলে বিক্রি করা হয়।

রাজধানীর আড়তদাররা জানিয়েছেন, বিশেষ করে বরিশাল অঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ছে এবং প্রতিদিনই রাজধানীতে সরবরাহ করা হচ্ছে। তাদের আশা, আগামী কয়েক দিনের মধ্যে বাজারে ইলিশের দাম আরও কিছুটা কমবে।

সরকারি তথ্য অনুযায়ী, ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশই বাংলাদেশে হয়।