Home খেলা ক্রিকেট বিসিবি নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ক্লাব সংগঠকেরা

বিসিবি নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ক্লাব সংগঠকেরা

Posted by on in খেলা 0
1st Image

আগামী অক্টোবরের প্রথম দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকার ক্লাব সংগঠকেরা। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক কিছু ঘটনায় ক্রিকেট সংগঠকদের সম্মানহানি ঘটানো হয়েছে।

রোববার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন।

সংবাদ সম্মেলনে বোরহানুল হোসেন বলেন, “বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে। বোর্ড পরিচালনার জন্য অ্যাডহক কমিটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। গঠনতন্ত্রে এর কোনো বিধান নেই এবং বর্তমান পরিস্থিতিতেও এর প্রয়োজন নেই। আমরা নির্বাচন চাই, অন্য কিছু নয়।”

তবে ষড়যন্ত্রকারীরা কারা—সেই প্রশ্নে নির্দিষ্ট করে কোনো উত্তর দেননি ক্লাব সংগঠকেরা। কেউ বলেন “শুনেছি”, কেউবা এড়িয়ে যান। এ ছাড়া সংগঠকদের অসম্মান করার অভিযোগ নিয়েও সুস্পষ্ট কিছু বলেননি রফিকুল ইসলাম। তিনি শুধু বলেন, “কিছু ব্যক্তিগত বিষয় টেনে এনে একজন সংগঠককে অসম্মান করা হয়েছে। এটি ক্রিকেট সংগঠক পরিচয়ের সঙ্গে মেলানো ঠিক নয়।”

যদিও নাম প্রকাশ করা হয়নি, তবে স্পষ্ট যে আলোচনায় থাকা ব্যক্তি বিসিবির পরিচালক মাহবুবুল আনাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ও তাঁর স্ত্রীর অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এই বিতর্কের মধ্যেই তিনি ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে আর অংশ নেবেন না।

এ প্রসঙ্গে ক্লাব সংগঠকদের সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন বলেন, “এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ক্রিকেট সংগঠক হিসেবে মাহবুবুল আনামের তুলনা নেই।”

ক্লাব সংগঠকেরা জোর দিয়ে বলেন, বিসিবির নির্বাচন অবশ্যই বিদ্যমান গঠনতন্ত্র অনুসারে হতে হবে। প্রয়োজনে ভবিষ্যতে বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সভায় গঠনতন্ত্র পরিবর্তন করা যেতে পারে।

জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত অ্যাডহক কমিটি নিয়েও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। রফিকুল ইসলাম বলেন, “অ্যাডহক কমিটিতে অনেক যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির কাউন্সিলর বাছাইয়ে শুধু অ্যাডহক কমিটির ওপর নির্ভর করার বাধ্যবাধকতা নেই। আমরা আশা করি, যোগ্যরাই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন।”