Home বিনোদন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত দক্ষিণের ১০ তারকা

সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত দক্ষিণের ১০ তারকা

Posted by on in বিনোদন 0
1st Image

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্প আজ আর কেবল আঞ্চলিক বিনোদনের নাম নয়। তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম—এই চারটি ইন্ডাস্ট্রি একসঙ্গে মিলে বলিউডকেও পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয়তায় ও বাণিজ্যিক সাফল্যে। ব্লকবাস্টার চলচ্চিত্র, নতুন প্রজন্মের গল্প বলার ধরণ এবং প্রযুক্তিগত উৎকর্ষ দক্ষিণ ভারতের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এনেছে। আর এর কেন্দ্রবিন্দুতে আছেন কিছু তারকা অভিনেতা, যাঁদের জনপ্রিয়তা এখন বিশ্বজোড়া।

নিচে ২০২৫ সালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের পরিচয় তুলে ধরা হলো।

 

১. আল্লু অর্জুন

Allu Arjun

তেলেগু ইন্ডাস্ট্রির আইকন আল্লু অর্জুন আজ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তাঁর প্রতিটি ছবির জন্য বর্তমানে তিনি পাচ্ছেন প্রায় ৩০০ কোটি রুপি। ‘পুষ্পা: দ্য রাইজ’ তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করেছে, আর এর সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’ মাত্র ১৩ দিনে ১৪০০ কোটির বেশি আয় করে ইতিহাস গড়েছে। অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার জন্যও তিনি বিখ্যাত, ভক্তরা তাকে ‘স্টাইলিশ স্টার’ নামে ডাকেন। ২০০৩ সালে ‘গঙ্গোত্রি’ দিয়ে যাত্রা শুরু করে এখন পর্যন্ত তিনি ছয়বার ফিল্মফেয়ার, তিনবার নান্দী এবং একবার জাতীয় পুরস্কার জিতেছেন। তাঁর বিশাল ফ্যানবেস শুধু ভারতে নয়, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বিস্তৃত।

 

২. বিজয় (থালাপতি)

Thalapathy Vijay

তামিল সিনেমার ‘থালাপতি’ বিজয় দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা। প্রতিটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১৩০ থেকে ২৭৫ কোটি রুপির মধ্যে। ‘ঘিল্লি’, ‘থিরুপাচ্চি’, ‘পোক্কিরি’ থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার ‘লিও’ ও ‘গ্রেটেস্ট অব অল টাইম’ তাঁকে অপ্রতিরোধ্য অবস্থানে নিয়ে গেছে। শুধু অভিনয় নয়, গান ও নাচে তাঁর বিশেষ দক্ষতা আছে। তাঁর ভক্তসংখ্যা এতটাই বেশি যে, মুক্তির দিনেই তাঁর সিনেমা উৎসবের আমেজে পরিণত হয়। বর্তমানে রাজনীতিতেও সক্রিয় বিজয় ভবিষ্যতে তামিলনাড়ুর বড় নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন বলে অনেকেই মনে করছেন।

 

৩. রজনীকান্ত

Rajinikanth

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নাম রজনীকান্ত। সত্তরোর্ধ্ব বয়সেও তিনি একেকটি ছবির জন্য নিচ্ছেন ১২৫ থেকে ২৭০ কোটি রুপি। চার দশকের বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ১৭০টিরও বেশি ছবিতে। তাঁর সাম্প্রতিক ছবি ‘কুলি’ ৫০০ কোটির বেশি আয় করেছে। রজনীকান্ত কেবল অভিনেতা নন, তিনি এক ধরনের সাংস্কৃতিক প্রতীক, যাঁর স্টাইল, সংলাপ আর ক্যারিশমা তাঁকে সাধারণ মানুষের কাছেও ‘সুপারস্টার’ বানিয়েছে। পদ্ম বিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননা তাঁর ঝুলিতে।

 

৪. প্রভাস

Prabhas

‘বাহুবলী’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া প্রভাস এখনো ব্লকবাস্টার ছবির জন্য প্রযোজকদের প্রথম পছন্দ। তাঁর প্রতিটি ছবির পারিশ্রমিক ১০০ থেকে ২০০ কোটি রুপির মধ্যে। ‘ডার্লিং’, ‘মিস্টার পারফেক্ট’, ‘সালার’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’ তাঁর উল্লেখযোগ্য কাজ। প্রভাসই একমাত্র ভারতীয় অভিনেতা যার একাধিক ছবি মুক্তির প্রথম সপ্তাহেই শতকোটি রুপির বেশি ব্যবসা করেছে। শান্ত স্বভাব ও প্রফেশনালিজমের জন্য তিনি ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে সম্মানিত।

 

৫. অজিত কুমার

Ajith Kumar

তামিল ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় নাম অজিত কুমার। প্রায় ছয় দশকের বেশি ক্যারিয়ারে তিনি ৬০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অ্যাকশন, ড্রামা ও রোমান্স—সব ধরনের চরিত্রে সমান দক্ষতা দেখিয়েছেন। তাঁর পারিশ্রমিক বর্তমানে ১০৫ থেকে ১৬৫ কোটি রুপির মধ্যে। জনপ্রিয় ছবির মধ্যে আছে ‘ভারালারু’, ‘বিলা’, ‘কিরিদম’ ও ‘মঙ্কথা’। তিনবার ফিল্মফেয়ার সাউথ ও তিনবার তামিলনাড়ু রাজ্য পুরস্কার পেয়েছেন তিনি। অজিত শুধু অভিনয়ে নয়, মোটর রেসিংয়েও শখের বশে অংশ নেন।

 

৬. কমল হাসান

Kamal Haasan

কমল হাসানকে দক্ষিণ ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি বলা হয়। ২২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর পারিশ্রমিক বর্তমানে প্রতিটি ছবির জন্য ১০০ থেকে ১৫০ কোটি রুপি। বহু ভাষায় অভিনয় করেছেন তিনি—তামিল, তেলেগু, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও। উল্লেখযোগ্য ছবি হলো ‘নায়কন’, ‘মুন্দ্রাম পিরাই’, ‘বিশ্বরূপম’ ও সাম্প্রতিক ‘কাল্কি ২৮৯৮ এডি’। শুধু অভিনয় নয়, প্রযোজনা, পরিচালনা ও রাজনীতিতেও সক্রিয় তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মভূষণ তাঁর ঝুলির বড় অর্জন।

 

৭. রাম চরণ

Ram Charan

‘আরআরআর’-এর মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় আসা রাম চরণ বর্তমানে প্রতিটি ছবির জন্য ১০০ থেকে ১৩০ কোটি রুপি পাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি তিনি দক্ষ প্রযোজকও। তাঁর ঝুলিতে আছে চারটি ফিল্মফেয়ার ও দুটি নান্দী পুরস্কার। পিতা চিরঞ্জীবীর মতোই তিনি তেলেগু সিনেমায় শক্ত অবস্থান গড়ে তুলেছেন।

 

৮. মহেশ বাবু

Mahesh Babu

তেলেগুর জনপ্রিয় তারকা মহেশ বাবু এখন পর্যন্ত ২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি প্রতিটি ছবির জন্য নিচ্ছেন ৮০ থেকে ১০০ কোটি রুপি। জনপ্রিয় ছবির মধ্যে আছে ‘ওক্কাডু’, ‘বিজনেসম্যান’, ‘ভরত আনে নেনু’ ও ‘সরকারু ভারি পাটা’। ফিল্মফেয়ার, নান্দী ও সাইমা মিলিয়ে একাধিকবার পুরস্কৃত হয়েছেন তিনি। ভক্তরা তাঁকে ‘Prince of Tollywood’ বলে ডাকেন।

 

৯. সুরিয়া

Suriya

তামিল সিনেমার আরেক সফল নায়ক সুরিয়া, যিনি বিশেষত আবেগঘন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি বর্তমানে প্রতি ছবিতে প্রায় ৩৯ কোটি রুপি পাচ্ছেন। তাঁর উল্লেখযোগ্য ছবি ‘গজনি’, ‘আয়ান’ ও ‘খাখা খাখা’। দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়বার ফিল্মফেয়ার সাউথ জয় তাঁর অর্জন। পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও তিনি জনপ্রিয়।

 

১০. ধানুশ

Dhanush

তামিল ইন্ডাস্ট্রির বহুমুখী অভিনেতা ধানুশ এখন প্রতি ছবিতে প্রায় ৩৫ কোটি রুপি নিচ্ছেন। ৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। বলিউডের ‘রানাঝানা’ তাঁকে নতুন দর্শক এনে দেয়। পাশাপাশি গায়ক হিসেবেও পরিচিত; তাঁর গাওয়া ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ ইউটিউবে রেকর্ড তৈরি করে। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আটবার ফিল্মফেয়ার সাউথ জিতেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও ব্যস্ত।


তথ্যসূত্র: ফোর্বস ইন্ডিয়া, পিংকভিলা