বিএনপি দাবি করেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। বুধবার দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ভারতের কলকাতাভিত্তিক বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। পত্রিকাটিতে ‘‘BNP-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার’’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়, সেটিকে বিএনপি সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
বিবৃতিতে বিএনপি জানায়, সংবাদটিতে উল্লেখ করা হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান—যা সম্পূর্ণ অসত্য। বাস্তবে, মহাসচিব কোনো বিদেশি সংবাদমাধ্যমে সাম্প্রতিক সময়ে সাক্ষাৎকার দেননি। দলের দাবি, এ ধরনের প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে বিএনপি ও এর নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জনগণের মনে বিভ্রান্তি ছড়ানো।
বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত এসব মিথ্যা ও বানোয়াট বক্তব্য নিয়ে জনগণ বা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের ভিত্তিহীন প্রচার কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে।