Home বিনোদন শাহরুখপুত্র আরিয়ানের সিরিজে কে এই রাঘব জুয়াল?

শাহরুখপুত্র আরিয়ানের সিরিজে কে এই রাঘব জুয়াল?

Posted by on in বিনোদন 0
1st Image

গত বৃহস্পতিবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপিত এই সিরিজে একে একে হাজির হয়েছেন ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিং ও রাঘব জুয়াল। বিশেষ উপস্থিতি ছিল আমির খান, সালমান খান, রণবীর সিং ও করণ জোহরেরও। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন রাঘব জুয়াল, বিশেষ করে ইমরান হাশমির সঙ্গে তাঁর এক দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাঘবের যাত্রা শুরু হয়েছিল নাচ দিয়ে। ভারতীয় টিভি দর্শকরা তাঁকে চেনে ধীরগতির অনন্য স্টেপ বা ‘স্লো মোশন’ ড্যান্স স্টাইলের জন্য। ২০১১ সালে চাক ধুম ধুম ২ এবং ডান্স ইন্ডিয়া ডান্স ৩-এ অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। পরের বছরই ডান্স কে সুপারকিড প্রতিযোগিতায় জয়ী হন। এর পর একে একে আরও বহু রিয়েলিটি শোতে অংশ নেন এবং নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান।

২০১৪ সালে সোনালি কেবল ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে এবিসিডি ২, নওয়াবজাদে, স্ট্রিট ডান্সার থ্রিডির মতো ছবিতে অভিনয় করলেও আলোচনায় আসতে পারেননি। তবে গত বছর নিখিল নাগেশ ভাটের পরিচালনায় মুক্তি পাওয়া কিল সিনেমায় খল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। ছবিতে তাঁর অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে সমালোচকরাও ধন্দে পড়ে যান—তিনি আসল নায়ক না খলনায়ক! এরপর থেকেই একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে।

২০২৪ সালের ৯ আগস্ট মুক্তি পাওয়া জি-ফাইভের সিরিজ গেয়ারা গেয়ারা-তে রাঘব অভিনয় করেন পুলিশ কর্মকর্তা যুগ আর্য চরিত্রে। মাত্র এক মাস আগেই দর্শকরা তাঁকে কিল ছবিতে ভয়ঙ্কর ভিলেন হিসেবে দেখেছিলেন, আর নতুন সিরিজে তিনি পরিণত হলেন নায়ক! এই বৈচিত্র্যই প্রমাণ করে দিল, রাঘব অভিনয়ের সব দিকেই সমান দক্ষ।

নতুন সিরিজ ব্যা***ডস অব বলিউড-এ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির নানা দিক। এখানে রাঘব জুয়ালের উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। ইমরান হাশমির সঙ্গে তাঁর অভিনীত এক দৃশ্য নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য ও প্রশংসা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, রাঘবই সিরিজের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ।

অভিনয়ের বাইরে রাঘবকে নিয়ে শিরোনাম হয়েছিলেন তাঁর প্রেমের গুজবকে কেন্দ্র করে। কিছুদিন আগে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও তিনি তা উড়িয়ে দিয়ে বলেছেন, আপাতত তিনি কেবল কাজ নিয়েই ভাবছেন। এক সাক্ষাৎকারে রাঘব বলেন, “আমি যেকোনো কাজ শুরু করার আগে তা নিয়ে গভীরভাবে প্রস্তুতি নিই। অভিনয়কেই এখন একমাত্র ফোকাস করতে চাই।”