Home বিনোদন অস্ত্রোপচারের পরও আরিয়ানের প্রথম সিরিজের মঞ্চে শাহরুখ খান

অস্ত্রোপচারের পরও আরিয়ানের প্রথম সিরিজের মঞ্চে শাহরুখ খান

Posted by on in বিনোদন 0
1st Image

বলিউড বাদশাহ শাহরুখ খান সম্প্রতি ছেলের প্রথম ওয়েব সিরিজের ঝলক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন। হাতে আর্ম স্লিং, গায়ে কালো ব্লেজার—অভিনেতার এই নতুন রূপ দেখে ভক্তরা একদিকে উদ্বিগ্ন, অন্যদিকে আবেগাপ্লুত।

শাহরুখ বর্তমানে নিজের নতুন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। ছবিতে বেশ কয়েকটি মারামারির দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর চোট পান তিনি। এরপরই হাতে বড় অস্ত্রোপচার করতে হয়। অভিনেতা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে আরও এক-দুই মাস সময় লাগবে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘জওয়ান’–এর জন্য সম্প্রতি যে সম্মাননা পেয়েছিলেন, শরীরের অবস্থার কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শাহরুখ। তবে ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

অস্ত্রোপচারের পরও শাহরুখ তাঁর স্বভাবসুলভ রসিকতায় দর্শকদের হাসালেন। তিনি বলেন,
“আমার বেশিরভাগ কাজই তো এক হাতে করি। এক হাতেই খাই, দাঁত মাজি, এমনকি পিছনে চুলকোতেও এক হাতই যথেষ্ট।”
এ কথা শুনে হলজুড়ে হাসির রোল ওঠে। তবে তিনি দুঃখের সঙ্গেই যোগ করেন, “শুধু একটাই সমস্যা—দুই হাত মেলে দর্শকদের প্রতি যে ভালোবাসা জানাই, সেটা এখন করতে পারছি না।”

আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের ঝলক দেখে দর্শকেরা অভিভূত। পরিচালক হিসেবে এটি আরিয়ানের প্রথম কাজ হলেও ট্রেলারেই দেখা মিলেছে তাঁরও। অনেকেই মন্তব্য করেছেন, আরিয়ানকে একেবারে বাবার মতোই দেখতে লাগছে।

মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ বলেন,
“আজ আমার জন্য বিশেষ দিন। এই দেশের মাটিতে আমার ছেলের কাজের প্রথম পদক্ষেপ। যেভাবে আমাকে ভালোবেসেছেন, অনুরোধ করব আমার ছেলেকেও সেভাবেই ভালোবাসবেন।”

সিরিজটির প্রযোজক গৌরী খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাই মঞ্চে একসঙ্গে দেখা গেল বাবা শাহরুখ, মা গৌরী এবং ছেলে আরিয়ানকে। দর্শকের চোখে যেন এক ফ্রেমে ফুটে উঠল ভালোবাসা, পরিবার আর নতুন সূচনা।