এশিয়া কাপ ও আসন্ন নেদারল্যান্ডস সিরিজকে ঘিরে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। এর আগে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দল থেকে নির্বাচিত ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।
ক্যাম্পের প্রথম ধাপের স্কিল ট্রেনিং হবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত রাজধানীর মিরপুরে। এরপর দল সিলেটের উদ্দেশে রওনা দেবে, যেখানে ২০ আগস্ট থেকে শুরু হবে আরও ঘনঘন অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, যা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ইতিমধ্যে সিরিজের নির্ধারিত সময়সূচিও প্রকাশ করেছে বিসিবি।
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন ও সাইফ হাসান।
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সূচি:
- ৩০ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি
- ১ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি
- ৩ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ দলের এই প্রস্তুতি ক্যাম্প শুধু এশিয়া কাপ নয়, আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।