Home খেলা ফুটবল লাওসকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ মিশনে দুর্দান্ত শুরু

লাওসকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ মিশনে দুর্দান্ত শুরু

Posted by on in খেলা 0
1st Image

নারী ফুটবলের অঙ্গনে নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। প্রথমবারের মতো লাওসের বিপক্ষে মাঠে নেমেই চমৎকার এক জয় তুলে নিল লাল-সবুজের তরুণীরা। প্রতিপক্ষের নিজ মাঠে এমন দাপুটে পারফরম্যান্স দলের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করেছে।

এই জয়ের মাধ্যমে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে শুভসূচনা করলো বাংলাদেশ। কোচ পিটার বাটলারও ম্যাচশেষে সন্তোষ প্রকাশ করেছেন তার শিষ্যদের পারফরম্যান্সে।

ম্যাচ শেষে সাংবাদিকদের উদ্দেশে পিটার বাটলার বলেন,

"প্রথম ম্যাচ জয় মানেই আত্মবিশ্বাস। পরবর্তী ম্যাচে যাওয়ার আগে পয়েন্ট নিশ্চিত করা ছিল আমাদের মূল লক্ষ্য। যদিও ম্যাচের শুরুতে কিছুটা চাপ অনুভব করেছিলাম। কিন্তু ফুটবলে এমনটাই হয়ে থাকে। সব দলই শুরুতে ছন্দ খুঁজে পেতে একটু সময় নেয়।"

তিনি আরও যোগ করেন, "আমরা রক্ষণে দুর্দান্ত খেলেছি। মাঝেমধ্যে কিছু ঝুঁকিপূর্ণ মুহূর্ত ছিল, তবে দল হিসেবে আমরা সেটি সামাল দিতে পেরেছি। সবসময় সকলেই আমাদের খেলার ধরন পছন্দ করবে না—তবে আমরা এটায় অভ্যস্ত হয়ে উঠেছি।"

ইংলিশ কোচ বাটলার মনে করেন, বাংলাদেশি নারী ফুটবলাররা প্রতিদিন উন্নতি করছে। ম্যাচে তাদের খেলার ধরন ও প্রয়াসে তিনি সন্তুষ্ট।

"আমরা ব্যাকলাইন থেকে বল তৈরি করার চেষ্টা করেছি। যদিও একটি অপ্রত্যাশিত গোল হজম করেছি, তারপরও আমাদের রক্ষণ ঠিকঠাক কাজ করেছে। প্রতিপক্ষ বড় কোনো চ্যালেঞ্জ ছুঁড়তে পারেনি," — বলেন বাটলার।

পিটার বাটলারের অধীনেই বাংলাদেশ নারী ফুটবলে একের পর এক সাফল্য আসছে। সিনিয়র নারী দল ইতোমধ্যে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। অনূর্ধ্ব-২০ দলও সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে।