Home আন্তর্জাতিক এশিয়া হিমালয়ের ৯৭ টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল

হিমালয়ের ৯৭ টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

প্রান্তিক অঞ্চলে পর্যটন শিল্পকে নতুনভাবে প্রসারিত করতে অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে নেপাল সরকার। আগামী দুই বছরের জন্য দেশটির ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেওয়া হবে। বিবিসি অনলাইন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। একই সময়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে আরোহণের পারমিট ফি ১৫ হাজার ডলারে উন্নীত হবে—যা প্রায় এক দশক পর প্রথমবার বাড়ছে।

নেপালের পর্যটন বিভাগ আশা করছে, এই উদ্যোগ নতুন নতুন পর্যটন গন্তব্যকে সামনে আনবে। দেশটির অন্যতম বড় আয়ের উৎস হলো পর্বতারোহণ—কারণ বিশ্বের শীর্ষ ১০ পর্বতশৃঙ্গের মধ্যে ৮টিই নেপালে অবস্থিত। গত বছর শুধু পর্বতারোহণ থেকেই নেপালের আয় হয়েছিল ৫.৯ মিলিয়ন মার্কিন ডলার।

যেসব শৃঙ্গের ফি মওকুফ করা হবে, সেগুলো কর্ণালি ও সুদূরপশ্চিম প্রদেশে অবস্থিত, উচ্চতা ৫,৯৭০ থেকে ৭,১৩২ মিটার পর্যন্ত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও দুর্গমতার কারণে এসব এলাকায় পর্যটকের পদচারণা খুবই কম।

পর্যটন বিভাগ মনে করে, নতুন নিয়ম কর্মসংস্থান বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে। তবে এই প্রত্যন্ত এলাকায় অবকাঠামো উন্নয়নের কোনো পরিকল্পনা আছে কিনা, তা কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করেনি। গত দুই বছরে এই ৯৭টি শৃঙ্গে মাত্র ৬৮ জন পর্বতারোহী গিয়েছেন।

অন্যদিকে এভারেস্টে ২০২৪ সালে অনুমতি দেওয়া হয়েছে ৪২১ জনকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি এবং একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ২০২৪ সালের এপ্রিলে নেপালের সর্বোচ্চ আদালত এভারেস্টে আরোহণ সীমিত করার নির্দেশ দেয়।