দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও একসাথে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন, শেষ করলেন সব জল্পনা-কল্পনা। বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধূমকেতু’ মুক্তির প্রাক্কালে তারা পৌঁছে গেলেন নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে আশীর্বাদ নিতে।
সকালে থেকেই গুঞ্জন ছিল—দেব ও শুভশ্রী কি একসাথে মন্দিরে যাবেন নাকি আলাদা আসবেন? শেষ পর্যন্ত ভক্তদের প্রত্যাশা পূর্ণ হলো, তারা পাশাপাশি বসে পূজা দিলেন। লাল পাঞ্জাবি ও লাল শাড়িতে সেজে এই জনপ্রিয় জুটি উপস্থিত হন, আর তাদের সেই মুহূর্তের ভিডিও শেয়ার হয় সামাজিক যোগাযোগমাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তারা শুধু পূজা দিচ্ছেন না, একসাথে বাতি জ্বালাচ্ছেন এবং হাসি-আড্ডায় সময় কাটাচ্ছেন।
মন্দিরে তাদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। পূজা শেষে তারা মন্দিরের ছাদে উঠে ভক্তদের সাথে সাক্ষাৎ করেন। ভিড়ে ঠাসা জনতার মধ্যে দেব যত্ন করে শুভশ্রীকে হাত ধরে গাড়িতে তুলেন, তারপর নিজেও একই গাড়িতে ওঠেন।
উল্লেখ্য, ‘ধূমকেতু’-র শুটিং শুরু হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে। নানা জটিলতায় ছবিটি মুক্তি বিলম্বিত হলেও অবশেষে আজ মুক্তি পাচ্ছে এই বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র, যা ইতিমধ্যেই দর্শকদের মাঝে উচ্ছ্বাস তৈরি করেছে।