মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার ফোন দিলেও তিনি সেই কল রিসিভ করেননি—সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে জার্মানির শীর্ষস্থানীয় দৈনিক ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমাইনে জেইটুং।
সংবাদপত্রটির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে এবং ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করার পর মোদি ক্ষুব্ধ হন। প্রতিশোধ হিসেবেই তিনি ট্রাম্পের টানা চারবারের ফোন কল এড়িয়ে যান। এ থেকে স্পষ্ট যে, দিল্লি এখন মার্কিন প্রেসিডেন্টের আচরণে গভীরভাবে বিরক্ত।
পত্রিকাটি জানায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে ট্রাম্পের মন্তব্যও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়েছে।
এ বছরের ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসেছিল। লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে দুই দেশের বার্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা। চুক্তি স্বাক্ষরের তারিখ ঠিক হয়েছিল চলতি শরতে। কিন্তু ২৫ আগস্টের জন্য নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর হঠাৎ বাতিল করা হয়।
৬ আগস্ট যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করে দেয়। কারণ হিসেবে জানানো হয়, ভারত নিয়মিত রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি আমদানি করছে। ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া–চীন–ভারত ঘনিষ্ঠভাবে জ্বালানি বাণিজ্যে যুক্ত, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমালোচনার কড়া প্রতিবাদ জানায়। দিল্লির মতে, শুল্ক বৃদ্ধি শুধু অযৌক্তিকই নয়, বরং উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে ২৭ আগস্ট থেকে।