Home আন্তর্জাতিক এশিয়া রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না: মোদি

রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না: মোদি

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার) স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে জানিয়েছেন, অপারেশন সিঁদুর পর ভারত সরকারের সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্ত বদলাবে না। মোদি পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, “রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না।”

প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে বলেন, ভারতের জন্য সিন্ধু চুক্তির মতো একতরফা এবং অন্যায্য চুক্তি মান্য করা সম্ভব নয়। তিনি বলেন, "ভারতের মাটি দিয়ে যে নদী বইবে, তার সম্পূর্ণ অধিকার ভারতের জনগণের।"

পাকিস্তানের প্রতি আরও কঠোর অবস্থান নিয়ে মোদি বলেন, “বর্তমান সিন্ধু চুক্তির শর্ত অনুযায়ী পানি বণ্টন আমরা আর মেনে নেব না। কৃষকদের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য এই চুক্তি কোনোভাবেই মেনে নেয়া হবে না।”

গত ২২ এপ্রিল পেহেলগাওয়েতে সন্ত্রাসী হামলায় ২৬ নিরীহ মানুষ নিহত হলে ভারত পাকিস্তানকে দায়ী করে এবং পাকিস্তানে হামলা চালায়। এর পরেই সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

১৯৬০ সালের চুক্তি অনুযায়ী, ভারতের জন্য শতদ্রু, বিপাশা ও রবি নদীর পানি ব্যবহারের পূর্ণ অধিকার ছিল। পাকিস্তানের জন্য সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগা নদীর অধিকাংশ পানি নির্ধারিত ছিল। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার পানিতে পাকিস্তানের অধিকার ছিল ৮০%, ভারতের ২০%। তবে, ভারত ওই নদীগুলোতে বাঁধ তৈরির অধিকারও পেয়েছিল।

দীর্ঘদিন ধরে ভারত দাবি করে আসছে, সিন্ধু পানি চুক্তির সংশোধন প্রয়োজন। কারণ, ইসলামাবাদ ভারতের নদীবাঁধ নির্মাণে বাধা দিয়ে আসছে। সিন্ধু চুক্তির আওতায় পাকিস্তান যে পানি পাচ্ছিল, তা দিয়ে তাদের কৃষি ও পানির চাহিদা পূরণ হতো। কিন্তু পেহেলগাও হামলার পর ভারত চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তান একাধিকবার পুনরায় চুক্তি চালু করার জন্য আবেদন জানালেও, নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি।

এবার, লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে জানান, বর্তমান শর্তে কোনোভাবেই সিন্ধু চুক্তি মেনে চলা হবে না। পাকিস্তানকে এই বিষয়ে পরিষ্কার বার্তা দিয়ে তিনি তার দেশের স্বার্থ রক্ষায় অটল থাকার কথা বলেন।